শাহজালালে সোয়া কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ আটক ১


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২৮ এপ্রিল ২০১৫

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোরাচালানের এক কোটি ২৫ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রাসহ মো. হারুন-অর-রশিদ নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের ১৬ নম্বর গেট থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার (এসি) উম্মে নাহিদা আক্তার।

নাহিদা আক্তার জানান, হারুন-অর-রশিদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তিনি কুয়ালালামপুর থেকে আসা এমএইচ১৯৭ বিমানে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় বিমানবন্দরে অবতরণ করেন। তার পাসপোর্ট নম্বর বিএফ০০৮৭৭২৬।

এরপর তিনি ১৬ নম্বর গেট দিয়ে বেড়িয়ে আসার পথে সন্দিহজনকভাবে তল্লাশি চালানো হয়। এসময় তার সঙ্গে থাকা ব্যাগ, পায়ে জুতা ও শরীরে তল্লাশি চালিয়ে এক কোটি ২৫ লাখ টাকার সমমূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মুদ্রার মধ্যে রয়েছে ৬ লাখ ২৭ হাজার সৌদি রিয়াল ও নয়শো মালয়েশিয়ান রিঙ্গিত।

এ ঘটনায় হারুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সকাল ১১টায় বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।