বাড়ছে বিশৃঙ্খলা


প্রকাশিত: ০৫:৩৭ এএম, ২৮ এপ্রিল ২০১৫

দেশের প্রধান দুই শহরের নতুন অভিভাবক বেছে নিতে ভোট দিচ্ছেন ঢাকা ও চট্টগ্রামের ভোটাররা। মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোট শুরুর প্রথম ঘণ্টা শান্তিপূর্ণভাবে পার হলেও পরে ঘণ্টাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে বাড়ছে বিশৃঙ্খলা। ভোটকেন্দ্রগুলো থেকে জাগো নিউজের জ্যেষ্ঠ ও নিজস্ব প্রতিবেদকরা এ তথ্য জানিয়েছেন।

সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে থাকা  জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক শফিকুল ইসলাম জানান, সকাল ৮টায় ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে দুটি ব্যালটে পাঁচশর বেশি ভোট পড়েছে বলে অভিযোগ পেয়েছেন তিনি। সকাল ৯টার দিকে ভোট দিতে এসে অনেক ভোটার ব্যালট বক্স ভরা দেখতে পান। এ নিয়ে  ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলামের কাছে লিখিতভাবে অভিযোগ করেন বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। কিন্তু অভিযোগের ওই কপিতে প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করেননি বলে জানিয়েছেন আফরোজা আব্বাস।

এছাড়া দক্ষিণের ফকিরাপুল, শান্তিপুর, কলাবাগান আব্দুর রউফ প্রাইমারি স্কুল এবং উত্তরের মিরপুরসহ  বিভিন্ন কেন্দ্রে একই অভিযোগ পাওয়া গেছে। উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল বড্ডা কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন। এছাড়া এ এলাকার অপর মেয়র প্রার্থী জোনায়েদ সাকিও তার কর্মীদের হুমকি দেওয়া অভিযোগ করেছেন।

নির্বাচন কমিশনে থাকা জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সিরাজুজ্জামান হেলাল জানান, বিক্ষিপ্তভাবে প্রার্থীরা বিভিন্ন অভিযোগ করলেও বেলা ১১টা পর্যন্ত ভোট গ্রহণের তিন ঘণ্টার অতিবাহিত হলেও নির্বাচন কমিশনে কোন প্রার্থীর পক্ষ থেকে কোনও অভিযোগ জমা পড়েনি।

তবে বংশালের সুরিটোলা কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার শাহনেওয়াজ এ তথ্য জানিয়েছেন বলে জানান তিনি।



# তিন সিটির নগরপিতা নির্ধারণের লড়াই শুরু

এইচসএস,এসআই/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।