সাত কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত


প্রকাশিত: ০৬:০০ এএম, ২৮ এপ্রিল ২০১৫

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণে দিনের প্রথম ভাগে এ পর্যন্ত সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের মধ্যে অন্তঃকোন্দলের জন্যই এসব কেন্দ্র বন্ধ করা হচ্ছে বলা জানা গেছে।

বংশাল থানার ২৫ নম্বর ওয়ার্ডের সুরিটোলা এলাকায় ৬৪, ৬৫ ও ৬৬ নম্বর কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। এরমধ্যে ৬৬ নম্বর কেন্দ্র নির্বাচন কমিশন বন্ধ ঘোষণা করেছে। তবে সাময়িকভাবে বন্ধ থাকা ৬৪ ও ৬৫ নম্বর কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আহাদুজ্জামান।

এ কেন্দ্রে পৌনে ৯টার দিকে ভোট গ্রহণ শেষ ঘোষণা দেন প্রিজাইডিং অফিসার শওকত আলী। অপর প্রিজাইডিং অফিসার নিপিত কুমার সাহা বলেন, এই কেন্দ্রের বাক্স ছিনিয়ে নেয়া হয়েছে। তাই আমরা ভোট গ্রহণ স্থগিত করেছি।

দক্ষিণ সিটির ৩৭ নং ওয়ার্ডের পোগোজ স্কুলকেন্দ্রে দু’প্রার্থীর পোলিং এজেন্ট ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ২ পোলিং এজেন্ট আহত হয়েছেন।

বাংলাবাজার এলাকায় বুলবুল ললিতকলা একাডেমি, কবি নজরুল কলেজ এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্কুলের কেন্দ্রগুলোতেও বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।

কবি নজরুল কলেজ কেন্দ্র থেকে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক আদনান রহমান জানান, বাইরে অনেক ভোটার আছেন, কিন্তু ভোট গ্রহণ বন্ধ আছে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।