২৮ এপ্রিল : একনজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৮ এপ্রিল ২০১৫

সিটি নির্বাচন : ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জোনায়েদ সাকিও
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরের মেয়র পদপ্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।


রাতেই ব্যালট ছিনতাইয়ের চেষ্টা হয় : ইসি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বংশালের সুরিটোলা ভোটকেন্দ্রে সোমবার রাতেই ব্যালট পেপার ছিনতাই ও নষ্ট করার চেষ্টা করার জের ধরে মঙ্গলবার সেখানে একটু গণ্ডগোল হওয়ায় সেখানে ভোটগ্রহণ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ।

সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকিব উদ্দীন আহমদ বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হয়েছে। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের প্রচারিত খবর হতে দেখা যাচ্ছে- ভোটারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করেছেন।

ভোট বর্জন সমাধান হতে পারে না : বার্নিকাট
ভোট বর্জন কোন সমাধান হতে পারে না  বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

খেলায় ফাউল হয় : আনিসুল হক
ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আনিসুল হক বলেছেন, খেলতে গেলে ফাউল হয়। তবে ফাউলের মাত্রা কম বেশি হতে পারে। নির্বাচন একটি খেলা। নির্বাচনের এ খেলায় ফাউল খুবই কম হয়েছে।

প্রথম দিনটা বাংলাদেশের
প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারানোর লক্ষ্যে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দিনটা নিজেদের করে নিল বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮৯.৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৩৬ রান। সাকিব ১৯ রান নিয়ে অপরাজিত আছেন।

ফলাফল যাই হোক আওয়ামী লীগ মেনে নেবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিন সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আওয়ামী লীগ তা মেনে নেবে। তিনি বলেন, ‘আমরা জনগণের জন্য রাজনীতি করি এবং তিন সিটি কর্পোরেশনের নির্বাচনে জনগণের রায় আমরা অবশ্যই মেনে নেব।’ মঙ্গরবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সিটি নির্বাচন বর্জন করলো বিএনপি
ঢাকা ও চট্টগামের সিটি নির্বাচন বর্জন করলো বিএনপি। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ ঘোষণা দেন। এ সময় মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।

বিএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।