চট্টগ্রামে জয়ী নাছির


প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৮ এপ্রিল ২০১৫

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। মোট ৭১৯টি কেন্দ্রের সবকটির ফলাফলে ‘হাতি’ প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোট ৪,৭৫,৩৬১।

তার নিকটতম ভোট বর্জন করা বিএনপি সমর্থিত প্রার্থী ও সাবেক মেয়র মনজুর আলম ‘কমলা লেবু’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩,০৪,৮৩৭ ভোট।

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম থেকে মঙ্গলবার রাত ৩টা ২০ মিনিটে ঘোষিত সর্বশেষ ফলাফলে এ তথ্য জানা গেছে। রিটার্নিং কর্মকর্তা ‍আবদুল বাতেন ফলাফল ঘোষণা করেন।

৪১টি ওয়ার্ড নিয়ে গঠিত চসিক এলাকায় মোট ভোটার রয়েছেন ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পুরুষ নয় লাখ ৩৭ হাজার ৫৩ এবং নারী ভোটার আট লাখ ৭৬ হাজার ৩৯৬ জন।

সাধারণ কাউন্সিলর পদে ২১৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন এবং মেয়র পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সাধারণ কাউন্সিলর : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন- মো: সাইফুল ইসলাম-৪, মো: আজম-৫, আশরাফুল আলম-৬, মোবারক আলী-৭, মোরশেদ আলম-৮, সৈয়দ গোলাম হায়দার মিন্টু-১৬, হাসান মোঃ হাশমী-২০ ও জহরলাল হাজারী-৩২।

মহিলা কাউন্সিলর : সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আঞ্জুমান আরা বেগম, জেসমিন আরা জেসি ও জোবায়দা নার্গিস খান।

মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোটগ্রহণ শুরু হওয়ার সাড়ে চার ঘণ্টার মধ্যে ঢাকা সিটি (উত্তর-দক্ষিণ) করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এর এক ঘণ্টা আগে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনও বর্জনের ঘোষণা দেয় বিএনপি।

## নির্বাচনী ফলাফল : চট্টগ্রাম

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।