ওপারে রক্ত দিলেন ঢাকার মাহমুদা
ওপার বাংলায় গিয়ে রক্তদান করলেন এপার বাংলার তরুণী মাহমুদা খাতুন। বাড়ি ঢাকার উত্তরায়। বুধবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের স্বরূপদহ গ্রামে প্যারাডাইস ক্লাবের চতুর্থ বর্ষের রক্তদান শিবির ছিল। এ খবর গত ১৯ এপ্রিল স্বরূপদহ গ্রামে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে শুনেছিলেন বছর পঁয়ত্রিশের মাহমুদা।
ঢাকার উত্তরায় তার বুটিকের দোকান আছে। ঢাকাতেও তিনবার রক্তদান করেছেন তিনি। এদিন চাচার সঙ্গে মাহমুদা পাসপোর্ট নিয়ে চলে যান ভারতে। স্বরূপদহ গ্রামে অন্যদের সঙ্গে রক্তদান করেন।
বলেন, দেশেও তিনবার শিবিরে রক্ত দিয়েছি। ওপার বাংলায় রক্তদানের ইচ্ছা ছিল অনেক দিনের। এবার সেটা পূর্ণ হল।
প্যারাডাইস ক্লাবের সম্পাদক হুমায়ুন কবির, ব্লকের বিশিষ্ট সমাজসেবী রমেন সরদার বলেন, প্রতিবেশী দেশের একজন মহিলা এভাবে শুধু রক্ত দেওয়ার জন্য আমাদের গ্রামে আসবেন, ভাবতেই পারিনি।
তারা আরও বলেন, এদিন তাদের শিবিরে বিএসএফের ১৫২ নম্বর ব্যাটেলিয়নের এক মহিলা জওয়ানসহ সাত জওয়ান রক্ত দেন।
বিএ/পিআর