নারীর শ্লীলতাহানি : রোববার ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও


প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৭ মে ২০১৫

পহেলা বৈশাখে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেইটে তরুণীর বস্ত্র হরণের বিচারসহ ৬ দফা দাবিতে আগামী ১০ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি লিটন নন্দী দাস।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। নারীর বিরুদ্ধে নিপীড়নের ঘটনা অহরহই ঘটছে। আমরা এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

তিনি বলেন, আমরা দৃষ্টান্ত শাস্তি চাই। এ ঘটনায় জড়িতদের এবং তাদের অবহেলাকারীদের শাস্তি চাই। সেই সাথে এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার নিশ্চয়তা চাই। তিনি ৬ দফা দাবীর পূর্ণ বাস্তবায়ন দাবী করেন।

এসময় আন্দোলনের অংশ হিসেবে তিনি আগামী ১০ মে রোববার ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক লাকী আক্তার, কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তারেক সোহেল ও ঢাবি শাখার সাধারন সম্পাদক তুহিন কান্তি দাস প্রমুখ।

এমএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।