জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ২শ` মেগাওয়াট বিদ্যুৎ


প্রকাশিত: ১০:২০ এএম, ০৮ মে ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নবনির্মিত ১৯৫ মেগাওয়াটের ইউনাইটেড মডিওলার পাওয়ার প্লান্ট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে আরও প্রায় ২শ` মেগাওয়াট বিদ্যুৎ।

জানা যায়, গত ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে প্রায় ১৪শ` ২৮ কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জে নতুন গ্যাস ভিত্তিক ১৯৫ মেগাওয়াটের ইউনাইটেড মডিওলার পাওয়ার প্লান্টের নির্মাণ কাজ শুরু হয়। এই প্রকল্পটিতে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র ১৪৫ কোটি টাকা অর্থায়ন করেন। বাকি অর্থায়ন করে বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার লিমিটেড।

ইউনাইটেড পাওয়ার লিমিটেডের প্রকল্প পরিচালক অজিত কুমার জাগো নিউজকে জানান, চলতি মে মাসের ১৯ তারিখ বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে আসার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই জ্বালানি সাশ্রয়ী এ বিদ্যুৎ কেন্দ্র থেকে গত দুই মাস ধরে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। পরে শুক্রবার সকালে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়। এতে করে জাতীয় গ্রিডে নতুন করে আরও ২শ` মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।