বঙ্গবন্ধুর সমাধি সৌধে নব নির্বাচিত দুই মেয়র


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৮ মে ২০১৫

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার বিকেল পৌনে ৩টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক কাউন্সিলরদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি এক মিনিট নীরবতা পালন করেন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
 
বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এবং কাউন্সিলররা সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি মাজার জিয়ারত ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পদক ও সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, গোপালগঞ্জের জেলা প্রশাসক  মো. খলিলুর রহমান, আতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি রায় চৌধুরী, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন সরদার, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা প্রমূখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র আনিসুল হক বলেন, মহানগরবাসীর উন্নয়নের জন্য নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছি আমি তা বাস্তবায়ন করে যেতে চাই। দায়িত্বভার গ্রহণ করে রাস্তা আলোকিতকরণ, ময়লা অবর্জনা দূরীকরণ ও মশক নিধন কর্মসূচি শুরু করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস নিয়ে ঢাকাবাসীর কল্যেণের লক্ষ্যে আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন আমি সে আস্থা ও বিশ্বাসকে অটুট রাখতে চাই।

মেয়র সাঈদ খোকন বলেন, পুরনো ঢাকার ট্যানারি শিল্প এলাকায় বর্জ্যের কারণে যে পরিবেশ দূষণ হচ্ছে আমি তা দূর করে করে পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে চাই। উত্তরের আধুনিক ঢাকার মতো দক্ষিণের ঢাকাকেও আধুনিক নগরীতে পরিণত করতে চাই।

এস,এম, হুমায়ূন কবীর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।