লোহাগাড়ায় স্কুলের টয়লেট থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:৫১ এএম, ১৩ মে ২০২৬
লোহাগাড়া থানা/ফাইল ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি কিন্ডারগার্টেন স্কুলের টয়লেট থেকে আবদুল মোতালেব (৮০) নামের এক বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আল-আমিন একাডেমি নামের একটি বিদ্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুল মোতালেব বাঁশখালী উপজেলার শেখেরখীল মাইজপাড়া এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। পরিবার জানিয়েছে, ভিক্ষার প্রয়োজনে তিনি লোহাগাড়ার দরবেশহাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আল-আমিন একাডেমির পরিচালক মো. ইব্রাহিম বলেন, দুপুরে ওই ব্যক্তি স্কুলের টয়লেটে যান। পরে খাবার শেষে ফিরে এসে তারা টয়লেটের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে খবর দেওয়া হয়।

পুটিবিলা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রশিদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি পুলিশকে বিষয়টি জানান। পরে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাঈন উদ্দিন বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআরএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।