অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে সার্বিক অবকাঠামোসহ অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলীগণ সার্বিক দায়িত্ব পালন করে থাকেন।
শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘ইয়ং ইঞ্জিনিয়ার্স সামিট (ওইএস)-২০১৫’ শীর্ষক কর্মশালা উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
প্রকৌশলীদের সততা ও দক্ষতার ওপর দেশের টেকসই অবকাঠামোগত উন্নয়ন নির্ভর করে উল্লেখ করে মন্ত্রী বলেন, তরুণরা সবসময় আমাদের প্রেরণার উৎস। পুরনো প্রকৌশলীদের অভিজ্ঞতা, দক্ষতা এবং তরুণ প্রকৌশলীদের উদ্দীপনা সমন্বিত করে দেশকে কাঙ্খিত উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে।
আইইবি’র সভাপতি অধ্যাপক প্রকৌশলী ড. শামীম জেড বসুনিয়ার সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আইইবি’র সাবেক সভাপতি প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রকৌশলী আইনুন নিশাত, আইইবি’র সহ-সভাপতি আবদুস সবুর, মেসবায়ুর রহমান টুটুল ও ইঞ্জিনিয়ার আবদুর রউফ।
একে/এমএস