কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শন, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনাকে সমাজে প্রতিষ্ঠা এবং রবীন্দ্র চর্চাকে সর্বস্তরে ছড়িয়ে দেয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে শুক্রবার তার ১৫৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
তার জন্মবার্ষিকী পালন উপলক্ষে দেশব্যাপী নানা আয়োজনে রবীন্দ্র গবেষক, সমালোচক ও বক্তারা বলেন, রবীন্দ্রনাথের শিল্পস্বত্ত্বা যেমন নানা মাত্রায় সন্নিবেশিত ও প্রতিষ্ঠিত, তেমনি তার মানব সত্ত্বাও মানব কল্যাণে নিবেদিত। কবি ছিলেন দেশপ্রেমিক এবং অসাম্প্রদায়িক।
তার অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী জীবন দর্শন থেকে শিক্ষা নিতে সর্বস্তরে রবীন্দ্র চর্চাকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান বক্তারা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকীর এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ’।
এ প্রতিপাদ্যকে ধারণ করে রবীন্দ্র জন্মবার্ষিকীর রাষ্ট্রীয় মূল অনুষ্ঠানটি হয় সিরাজগঞ্জের শাহজাদপুরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজাদপুরের পাইলট হাইস্কুল মাঠে সকাল ১০টায় এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। অনুষ্ঠানে এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান রবীন্দ্র স্মারক বক্তৃতা প্রদান করেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন ও ভারপ্রাপ্ত সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ বক্তৃতা করেন।
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার হয়েও এদেশের সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার এ ভালবাসা আরো পাকাপোক্ত হলো এ অঞ্চলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কবিগুরুর ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে তিনদিনব্যাপী জন্মজয়ন্তীর উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনদিনব্যাপী উৎসবে কুঠিবাড়ি আঙ্গিনা দর্শনাথী ও রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
কুঠিবাড়ীর বাইরেও বিশাল জায়গা জুড়ে বসেছে গ্রামীণ মেলা। সেখানে খই, মুড়ি, গরম জিলাপি, নাগোরদোলা, রবীন্দ্রনাথের ছবি সম্বলিত গেঞ্জি, টুপি, সিডি, গৃহসামগ্রী, কাঠের তৈরি নানা ঘরসাজানো জিনিসপত্র, শিশুদের খেলনাসহ হরেক রকম জিনিসের পসরা বসেছে।
অন্যদিকে নওগায় দিনব্যাপী রবীন্দ্র জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক।
এছাড়া শুক্রবার থেকে তিনদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবির চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমি কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণিকা ও পোস্টার মুদ্রণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযোগ্য মর্যাদায় কবির জন্মবার্ষিকী উদ্যাপন করছে।
কবিগুরুর ১৫৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার ৯ মে শনিবার বাংলা একাডেমিতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি। ঢাকাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্যভাবে উদযাপন করা হচ্ছে।
জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠানমালা বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি চ্যানেলসমূহ ব্যাপকভাবে সম্প্রচার করছে।
একে/এমএস