র্যাব মহাপরিচালকের প্রশংসায় পঞ্চমুখ মেয়র আনিসুল
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদের জন্য অঝোরে প্রশংসা ঝরলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন মেয়র আনিসুল হকের মুখ থেকে।
বুধবার গুলশানের লেকশোর হোটেলে সিসিটিভি সারভিলেন্স সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় বেনজীর আহমেদের প্রশংসা করেন তিনি।
আনিসুল হক বলেন, ‘বেনজীর সাহেব ফর্সা ও সুন্দর। অনেক ভালো ভালো কথা বলেন। আগে যখন আমি উপস্থাপনা করতাম, সে সময় তার জন্ম হলে আমার আর উপস্থাপক হওয়া হত না।’
তিনি বলেন, পুলিশ এখন আর আগের মতো নেই। তারা নিরাপত্তা দেয়া ছাড়াও অনেক ভালো ভালো কাজ করে। বিশেষ করে বেনজীর আহমেদ অনেক ভালো ভালো কথা বলেন।
আনিসুল হকের আগেই মঞ্চে কথা বলেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের কমিউনিটি সেন্টারগুলোতে কাউন্সিলররা জনগণের সঙ্গে বসে মতবিনিময় করেন। বাংলাদেশের কমিউনিটি সেন্টার শুধুমাত্র বিয়ের কাজে ব্যবহার করা হয়।’ ঢাকার মেয়রকে এই প্রথা চালুর অনুরোধ করেন তিনি।
এসময় আনিসুল হক ঢাকার উন্নয়নে ঢাকাবাসীকে নিয়ে সব কাজ করার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘ঢাকার উন্নয়ন কাজ পরিচালনার জন্য অনেক সাহায্য দাতা রয়েছে। আমাদের সঙ্গে পুলিশ রয়েছে। এখন শুধু জনগণের সহযোগিতা দরকার।’
অনুষ্ঠানটি আয়োজন করে গুলশানের ল অ্যান্ড অর্ডার কো-অরডিনেশন কমিটি। এই কমিটিতে গুলশান থানা পুলিশ ছাড়াও রয়েছে গুলশান, বারিধারা ও নিকেতন সোসাইটি।
এআর/একে