টঙ্গীতে বাসের ধাক্কায় রাইড শেয়ার চালক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৩ এএম, ১২ মে ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ/ছবি জাগো নিউজ

গাজীপুরের টঙ্গীতে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় শাহাদাত হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল রাইড শেয়ার করতেন বলে জানা গেছে।

সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহাদাতকে হাসপাতালে নিয়ে আসা লাজু মিয়া বলেন, সন্ধ্যার দিকে মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন শাহাদাত। পথে টঙ্গীর মিলগেট এলাকায় গোল্ডেন পরিবহনের দ্রুতগামী একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন শাহাদাত।

তিনি বলেন, পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে পাঠানো হয়। এখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাজু মিয়া জানান, শাহাদাত মোটরসাইকেল রাইড শেয়ার করতেন বলে আমরা জানতে পেরেছি। তার বাসা টঙ্গীর মিলগেট এলাকা। বাবার নাম আব্দুল গনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।