নতুন মেয়াদে ইরান-বাংলাদেশ সাংস্কৃতিক চুক্তি স্বাক্ষর
নতুন মেয়াদে (২০১৫-১৮) বাংলাদেশের সঙ্গে ইরানের সাংস্কৃতিক বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার তেহরানে ইরানের সংস্কৃতিমন্ত্রীর অফিস কক্ষে নতুন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইরানে সফররত সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বাংলাদেশের পক্ষে ও ইরানের পক্ষে ইরানের সংস্কৃতিমন্ত্রী আলী জান্নাত চুক্তিতে স্বাক্ষর করেন।
এতে বলা হয়, ১৯৭৭ সাল থেকে ইরান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক চুক্তি রয়েছে। এ চুক্তির আওতায় ২০০৪-০৮ মেয়াদে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম স্বাক্ষরিত হয়। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে একটি প্রস্তাব বাংলাদেশ থেকে ইরানে পাঠানো হয়। এর ধারাবাহিকতায় নতুন মেয়াদে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।
এ সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমের আওতায় সাংস্কৃতিক প্রতিনিধিদল প্রেরণ, বইমেলা, সভা-সেমিনার ও চিত্রপ্রদর্শনীতে অংশগ্রহণসহ সংস্কৃতি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দু’দেশ একে অপরের সাথে কাজ করতে পারবে।
নতুন মেয়াদে চুক্তির কারণে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র ভবিষ্যতে আরো সম্প্রসারিত হবে। সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও ইরান পরস্পরকে আরো বেশি জানতে পারবে বলে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ২৮তম তেহরান আন্তর্জাতিক বইমেলায় যোগদানের জন্য ইরান সফরে রয়েছেন। ইরান থেকে তিনি তৃতীয় আন্তর্জাতিক আন্তঃসাংস্কৃতিক সংলাপে যোগদানের জন্য আজারবাইজান যাবেন। সফর শেষে তিনি ২২ মে দেশে ফিরবেন বলে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
এসকেডি/আরএস/পিআর