গার্মেন্টসের বর্জ্য শোধনাগার নিয়ে সংসদীয় কমিটির উদ্বেগ


প্রকাশিত: ০১:২২ পিএম, ১৮ মে ২০১৫

দেশের অনেক গার্মেন্টস শিল্পে বর্জ্য শোধনাগার ব্যবহার না করায় উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে এসব গার্মেন্টস চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।

সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দশম বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বর্জ্য শোধনাগার ব্যবহার না করায় রাজধানী ঢাকা ও এর আশপাশের নদীগুলো দূষিত হয়ে মারাত্মক পরিবেশ দূষণ করছে বলে সংসদীয় কমিটির কাছে অভিযোগ এসেছে।

বৈঠকে মিরপুরের বেনারসী পল্লীর জায়গা বরাদ্দ সংক্রান্ত, বস্ত্রখাতে পানির ব্যবহার ও দূষণের মাত্রা, বি.জে.সি’র সম্পত্তি নিয়েও আলোচনা হয়।

এছাড়া সৌদি আরব ভিত্তিক বহুজাতিক কোম্পানি আই ডি গ্লোবালের সাথে বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের (বিজেএমসি) একটি দীর্ঘ মেয়াদী কৌশলগত অংশীদারিত্বমূলক চুক্তির বিষয়ে আলোচনা হয় এবং বিজেএমসিকে বহির্বিশ্বে লাভজনকভাবে উপস্থাপনের জন্য সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় সংরক্ষণ করে চুক্তি করার সুপারিশ করা হয় বৈঠকে।

কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে  বৈঠকে কমিটি সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক, বেগম মন্নুজান সুফিয়ান, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এবং সাবিনা আক্তার তুহিন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।