সংঘাত নয়, শান্তি চাই : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১৮ মে ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলাদেশ আরো এগিয়ে যাবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করে বলেছেন, তার সরকার এই লক্ষ্য অর্জনে শান্তি, অগ্রগতি ও সৃষ্টি চায়, সংঘাত ও ধ্বংস চায় না।

সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, আমি সকলকে বলতে চাই- আমরা সংঘাত নয়, শান্তি চাই। আমরা অগ্রগতি চাই, পিছিয়ে যেতে চাই না এবং আমরা সৃষ্টি চাই, ধ্বংস চাই না। সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।



শেখ হাসিনা বলেন, কোন কারণ ছাড়াই বিএনপি-জামায়াতের অশুভ শক্তি ৫ জানুয়ারি থেকে হঠাৎ করে তথাকথিত হরতাল ও অবরোধ শুরু করে। তারা জাতীয় সম্পদ ধ্বংস করে এবং বাস, ট্রেন ও লঞ্চে চলাচলকারী সাধারণ মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে। তারা আন্দোলনের নামে বাস, ট্রাক ও সিএনজি চালকদের পুড়িয়ে হত্যা করে এবং গাছ ও রাস্তা কেটে ফেলে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতে দেশে আর কখনো এ ধরনের জঘন্য অপরাধ ঘটেনি। তিনি বলেন, ‘আমরা অতীতে কখনো এ ধরনের আন্দোলন দেখিনি। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না।’

শেখ হাসিনা বলেন, আমরা দেশ ও জনগণের উন্নয়ন এবং শান্তি চাই। আমরা চাই দেশের জনগণ সুন্দরভাবে জীবনযাপন করুক। তার সরকার প্রতি বছরের প্রথম দিনেই ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করে আসছে। কিন্তু বিএনপি-জামায়াত জোট গত ৫ জানুয়ারি থেকে হরতাল ও অবরোধ আরোপ করে তাদেরকে স্কুলে যেতে দেয়নি। তারা এসএসসি, ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার সময়েও হরতাল ও অবরোধ ডেকেছে। এ ধরনের ধ্বংসাত্মক কর্মসূচির মাধ্যমে তারা ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন বিনষ্ট করতে চেয়েছিল।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন লাইন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই উপলক্ষে প্রধানমন্ত্রী একটি ডাক টিকিটও অবমুক্ত করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।