পুরস্কার ঘোষণার পরও তথ্য পায়নি পুলিশ
নববর্ষে নারী নিপীড়নকারীদের ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণার পরও তাদের সম্পর্কে কোনো তথ্য পায়নি পুলিশ। পাওয়া যায়নি তাদের নাম কিংবা ঠিকানা। তাদের ধরিয়ে দিতে তেমন কেউ এগিয়ে আসেনি। নগরীর বিভিন্ন থানায় ডিউটি অফিসারদের কাছে দু-একটি ফোন কল এসেছে। কিন্তু সরেজমিন অনুসন্ধানে তারা এসবের সত্যতা পাননি। সোমবার পুলিশ সদর দফতর ও ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এসব তথ্য জানা গেছে।
পুলিশ সদর দফতরের তথ্য কর্মকর্তা একেএম কামরুল আহসান বলেন, নারী নিপীড়নকারীদের ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরও তাদের সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম সরকার জানান, নারী নিপীড়নকারীদের সম্পর্কে ডিএমপির থানাগুলোতে তথ্য পাওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।
তবে ডিএমপির রমনা ও শাহবাগ থানার ডিউটি অফিসার জানান, তারা দু-তিনটি ফোন কল পেয়েছেন। কিন্তু সরেজমিন গিয়ে এসব তথ্যের সত্যতা মেলেনি। মূলত পুরস্কারের লোভে ধারণার বশবর্তী কেউ কেউ এসব ফোন করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিউটি অফিসার জানান।
প্রসঙ্গত, নববর্ষে নারী নিপীড়নকারীদের গ্রেফতারে ব্যর্থতায় নানামুখী সমালোচনার পর রোববার সংবাদ সম্মেলন করে ৮ জনের ছবি প্রকাশ করে পুলিশ সদর দফতর। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকাশ করা এসব ছবি ছিল অস্পষ্ট। যার থেকে কোনো আসামিকে শনাক্ত করা দুরূহ। ওই দিন পুলিশ সদর দফতরে আইজিপি একেএম শহীদুল হক ঘোষণা দেন, পহেলা বৈশাখে নারী নিপীড়নের ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে আটজনের চেহারা শনাক্ত করা গেছে।
এআরএস/এমএস