আবারো অকার্যকর ডিএমপির গাড়ি প্রতিরোধক যন্ত্র


প্রকাশিত: ০৪:৪১ এএম, ১৯ মে ২০১৫

উল্টোপথে গাড়ি চলা প্রতিরোধ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ের সামনে গত বছরের ২১ নভেম্বর বসানো যন্ত্রটি ফের অকার্যকর হয়ে পড়েছে। আবারো যন্ত্রটির রেট্রাকটেবল স্পাইকের ফলাগুলো বসে গেছে। যদিও ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বিষয়টি মানতে নারাজ। তারা বলছেন, ময়লা পড়ার কারণে কিছু ফলা বসে গেছে।

এর আগে গতবছর ২৩ মে যন্ত্রটি মূলত উল্টোপথে গাড়ি চলা বন্ধ করার জন্য পরীক্ষামূলকভাবে বসিয়েছিল ডিএমপি। কিন্তু গাড়ি চলাচলের ধকলে ফলাগুলো ভেঙে পড়ায় মাত্র ১৪ দিনের মাথায় সেগুলো সরিয়ে নেয়া হয়। এনিয়ে শুরু হয় নানা সমালোচনা।

পরবর্তিতে ফলাগুলোকে আরও কার্যকর করে গত বছরের ২১ নভেম্বর ফের ডিএমপি কার্যালয়ের সামনে নতুন স্পাইক যন্ত্র বসানো হয়। ধোলাই খালের সোহেল মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি থেকে ৬ লাখ টাকা ব্যয়ে কেনা হয় এ স্পাইক যন্ত্র। প্রায় ৬ মাসের মাথায় সেগুলো পুনরায় অকার্যকর হয়ে পড়েছে।

ডিএমপি কার্যালয়ের সামনে দেখা গেছে, রাস্তার পূর্বপাশে যে স্থান দিয়ে গাড়ি কম চলে সেখানে কয়েকটি ফলা দাঁড়ানো আছে। আর মাঝখান ও পশ্চিম অংশের ফলাগুলো দেবে গেছে। ভেঙেও গেছে অনেকগুলো। এতে করে উল্টোপথে মাঝে-মাঝেই গাড়ি চলছে।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।