আইনজীবীর সঙ্গে সালাহউদ্দিনের স্ত্রীর সাক্ষাৎ


প্রকাশিত: ০৫:০৯ এএম, ১৯ মে ২০১৫

ভারতের মেঘালয় রাজ্যের শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ মঙ্গলবার সকালে আইনজীবী এস পি মোহন্তর সঙ্গে দেখা করেছেন। এ সময় তিনি স্বামীর জামিন, বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়াসহ নানা বিষয় নিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলেন। হাসিনা আহমেদ তৃতীয় কোন দেশে নিয়ে সালাহউদ্দিন আহমেদের চিকিৎসা করাতে চান বলে আইনজীবীকে জানান।

এদিকে আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় সালাহউদ্দিনের ব্যাপারে মেডিকেল বোর্ড বসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বোর্ডে সালাহউদ্দিনের শারীরিক অবস্থা পর্যালোচনা করে তাকে আদালতে তোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সুস্থ হলে আজ দুপুরেই তাকে আদালতে তোলা হতে পারে।

সোমবার ভারতীয় সময় রাত ৮টার দিকে হাসিনা আহমেদ পুলিশের অনুমতি নিয়ে হাসপাতালে তার স্বামীর সঙ্গে দেখা করেন।

এর আগে, সোমবার দুপুরে কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে হাসিনা আহমেদ ও তার বোন জামাই আসামের গৌহাটি রওয়ানা দেন। গৌহাটি থেকে ট্যাক্সিযোগে ১০০ কিলোমিটার দূরে শিলং পৌঁছান ভারতীয় সময় সন্ধ্যা ৭টার দিকে। এরপর তিনি ইস্ট খাসি হিল জেলার পুলিশ সুপার এম খারক্রাংয়ের কার্যালয়ে গিয়ে সালাহউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি নেন।

# সালাহউদ্দিন সাংবাদিকদের যা বললেন

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।