কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে ৪৬৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন


প্রকাশিত: ০৬:০৭ এএম, ১৯ মে ২০১৫

সমুদ্র পথে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধ করতে উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ৪৬৮ কোটি ২২ লাখ টাকা বরাদ্ধ দিচ্ছে সরকার। এই অর্থ সমুদ্রে টহল বাড়াতে পেট্রোল ভেসেল ও স্পিড বোট ক্রয়ে ব্যয় করা হবে।

মঙ্গলবার কোস্ট গার্ডের জন্য এনহ্যান্সমেন্ট অব অপারেশনাল ক্যাপাবিলিটি অব বাংলাদেশ কোস্ট গার্ড শীর্ষক এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৬৮ কোটি ২৩ লাখ টাকা। প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা প্রতিদিন খবরে দেখছি উপকূল এলাকা দিয়ে মানবপাচার হচ্ছে এমন অবস্থায় সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। তাই প্রকল্পটি অনুমোদন দেয়া হলো। এর মাধ্যমে আশা করা যাচ্ছে মানবপাচার বন্ধ হয়ে যাবে। আরো দুটি প্রকল্প অনুমোদনের জন্য পাইপ লাইনে রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, এই প্রকল্পের মাধ্যমে কোনো নির্মাণ কাজ করা হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে টাকা দিলেই তারা প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে পারবে। এতে কোস্ট গার্ডের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। মানুষ হোক আর গুডস হোক কোনো কিছুই উপকূল এলাকা দিয়ে দেশের বাইরে যেতে পারবে না। দেশের সকল সম্পদ পাহারা দেওয়ার জন্যই এই প্রকল্প।

তবে সরকার মানব পাচার নিয়ে উদ্বিগ্ন কেন জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়টি জানতাম না। সংবাদ মাধ্যমের কারণে জানতে পেরেছি। সরকার এখন উদ্যোগ নেবে।

প্রকল্পের প্রধান কার্যক্রম তিনটি ইনশোর পেট্রোল ভেসেল, ৩টি বড় হাই-স্পিড বোট, একটি ভাসমান ক্রেন, ১৩টি অফিস সরঞ্জামাদি ও ৩৩টি ফার্নিচার কেনা হবে।

মন্ত্রী বলেন, দেশের সমুদ্র সীমার আকার বেড়েছে। আমরা মিয়ানমার থেকে ১ লাখ ১৯ হাজার বর্গ কিলোমিটার এবং ভারত থেকে ১৯ হাজার বর্গ কিলোমিটার সমুদ্র সীমা পেয়েছি। ১৬টি জেলা উপকূলের সঙ্গে সম্পৃক্ত। ১৩১টি উপজেলা। তাই এলাকার জন্য আরো জরুরি প্রকল্প হাতে নিবে সরকার।

এসএ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।