আবারো ব্রিটেনের শীর্ষ ধনীদের তালিকায় বাংলাদেশি ইকবাল
আবারো ব্রিটেনের শীর্ষ ধনীদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইকবাল আহমদ ওবিই। ব্রিটেনের এক হাজার ধনীর তালিকায় ৪৬৬তম স্থান ইকবালের। গত এক বছরে তার সম্পদের পরিমাণ প্রায় ২০ মিলিয়ন পাউন্ড বেড়ে হয়েছে ২০৫ মিলিয়ন পাউন্ড। খবর সানডে টাইমস।
সিলেটের বাসিন্দা ইকবালের শৈশব-কৈশোর সিলেটেই কেটেছে। যৌবনে তিনি ব্রিটেনে পাড়ি জমান। ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে ব্রিটেনে যান ইকবাল আহমদ। ব্রিটেনের ওয়েস্ট মিনিস্টারের সিটি কলেজ থেকে ১৯৭৭ সালে লেখাপড়া শেষ করে জড়িয়ে পড়েন পারিবারিক ব্যবসায়। গড়ে তুলেন ‘সি মার্ক’ ও ‘ইবকো’র মতো সফল ব্যবসা প্রতিষ্ঠান।
সি মার্ক গ্রুপের চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিইর জন্ম ১৯৫৬ সালে সিলেটে। সিলেটের চৌহাট্টায় মানরু শপিং সিটির মালিকও ইকবাল আহমদ। তার গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার পশ্চিম সিরাজনগর গ্রামে। বর্তমানে তিনি সপরিবারে বসবাস করছেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক তিনি।
ইকবাল আহমদ প্রথম ব্যবসা শুরু ১৯৭৬ সালে। ব্যবসা চালাতেন তার বাবা। গ্রেটার মানচেস্টারে সেই ব্যবসা ছিল। ইকবাল আহমদ ওবিই ২০০৬ সালে সর্বপ্রথম বিখ্যাত ব্রিটিশ সাময়িকি সানডে টাইমসের তালিকায় ব্রিটিশ-বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি হিসেবে উঠে আসেন। ব্রিটেনের শীর্ষ ধনীদের তালিকায় সে বছর ৫১১ নম্বর স্থান দখল করেন ইকবাল আহমদ। তার সম্পদের পরিমাণ উল্লেখ করা হয় ১১০ মিলিয়ন পাউন্ড।
এরপর ২০০৯ সালে এশিয়ার ২০ ধনীর তালিকায় উঠে আসেন সফল ব্যবসায়ী ইকবাল আহমদ। গত বছর ব্রিটিশ সাময়িকি সানডে টাইমসে শীর্ষ ধনীর তালিকা প্রকাশ করা হয়। ধনীদের তালিকায় তার অবস্থান ৪৬৫তম। এ বছর (২০১৫) ধনীর তালিকায় তার স্থান ৪৬৬তম।
ইকবাল আহমদের ব্যবসা প্রতিষ্ঠান সি মার্ক বাংলাদেশের চার হাজার মানুষের কর্মস্থান ও ব্রিটেনে ৫’শ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে চিংড়ি রফতানি করে ইউরোপ-আমেরিকায়। আর ইবকো পুরো ইউরোপে ফ্রোজেন ফুড সরবরাহকারী।
ইকবাল আহমদের সঙ্গে ব্যবসায় সহযোগী হিসেবে আছেন তার ভাই কামাল আহমদ ও বিলাল আহমদ। তিন ভাইয়ের হাতে গড়া এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইকবাল আহমদ। ব্রিটেন-বাংলাদেশ ছাড়াও তাদের ব্যবসা এখন আমেরিকাতেও বিস্তৃতি লাভ করেছে।
ইকবাল আহমদ জানিয়েছেন, সততা ও দক্ষতার সঙ্গে কাজ করলে বড় ব্যবসায়ী হওয়া যায়।
এসএইচএস/বিএ/আরআইপি