আধুনিক জ্ঞানের স্বাক্ষর রাখবে বিএসটিআই : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৯ মে ২০১৫
ফাইল ছবি

জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সকল ক্ষেত্রে পরিমাপের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরো আধুনিক ও কারিগরি জ্ঞান ব্যবহার করে দক্ষতার স্বাক্ষর রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে মঙ্গলবার এ প্রত্যাশার কথা বলেন প্রধানমন্ত্রী। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ন্যাশনাল মেট্রোলজি সেন্টারসমূহ নতুন নতুন পরিমাপ কৌশল উদ্ভাবন ও পরিমাপ বিজ্ঞানের উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১৮৭৫ সালের ২০ মে ‘মিটার সমঝোতা স্মারক’ স্বাক্ষরের বর্ষপূর্তি স্মরণে বিশ্বব্যাপী এ দিনটিকে মেট্রোলজি দিবস হিসেবে পালন করা হয়।

তিনি বলেন, পরিমাপের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দুটি আন্তর্জাতিক সংস্থা বিআইপিএম ও ওআইএমএল এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘মেজারমেন্ট অ্যান্ড লাইট। জাতিসংঘ কর্তৃক এ বছরকে আন্তর্জাতিক আলোকবর্ষ ঘোষণা করায় এবারের প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলেও প্রধানমন্ত্রী বাণীতে বলেন।

শেখ হাসিনা বলেন, আলোক বিজ্ঞান একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রাত্যহিক জীবন থেকে আরম্ভ করে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক পরিবেশের উপর এর প্রভাব নিরূপণসহ, বৈদ্যুতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং ব্যবসা-বাণিজ্যের সকল ক্ষেত্রে পরিমাপের ভূমিকা অনস্বীকার্য।

অত্যাধুনিক আলোক প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞান ও কৃষি বিজ্ঞানে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে অপটিক্যাল প্রযুক্তি যুগান্তকারী পরিবর্তন সাধন করেছে।

তিনি বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা এবং বাংলাদেশের জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই-এর উদ্যোগে বুধবার বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করা হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।