পর্যটন শিল্প বিকাশে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে
দেশের পর্যটন শিল্প বিকাশে বেসরকারি খাতের উদ্যোক্তাদের আরো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, পর্যটন শিল্প সরকার বিকাশ করতে পারে না। সরকার কেবল নীতি সহায়তা দিয়ে থাকে। এ খাতের বিকাশের জন্য বেসরকারি খাতের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশ ফাউন্ডেশন অব টুরিজম ডেভেলপমেন্টের আযোজনে তিনদিনব্যাপী এ মেলায় দেশি ও বিদেশি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তাদের বিশেষ অফার নিয়ে অংশ নিয়েছে।অনুষ্ঠানে ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, বাংলাদেশের পর্যটন সচিব খোরশেদ আলমসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।
মেনন বলেন, আগামী ২০১৬ সালকে পর্যটন বছর ঘোষণা করেছে সরকার। তবে এটা ঠিক বাংলদেশ এখনও পর্যটনে একক গন্তব্য হয়ে ওঠেনি। তাই যারা ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপে ঘুরতে আসবেন, তারা যাতে এক বার বাংলাদেশ ঘুরে যান সেই চেষ্টা করতে হবে।
তিনি বলেন, বর্তমানে দেশে গড়ে ৫ লাখ পর্যটক আসেন। আগামী বছর এটি ১০ লাখ করতে চাই। এ জন্য বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
রতন ভৌমিক বলেন, ভারত পর্যটন খাততে অগ্রাধিকার দিচ্ছে। তবে বাংলাদেশ ও ভারত যদি যৌথ ভাবে পর্যটন খাতের উন্নয়নে কাজ করে তবে দুদেশ আরো বেশি পর্যটক আকৃষ্ট করতে পারে। সেলক্ষে দু সরকারকে উদ্যোগ নিতে হবে।
মেলা : এবারের মেলা বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ, মালেশিয়া, কম্বোডিয়াসহ ১৫টি দেশ অংশ নিচ্ছে বলে আয়োজকরা জানিয়েছ। অংশগ্রহণকারি দেশগুলোর হোটেল, মোটেল, রিসোর্ট, এয়ারলাইন্স, টুর পরিচালনাকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছেন।
এসএ/এএইচ/পিআর