ব্লগার রাজিব হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ২৭ মে


প্রকাশিত: ০৯:১০ এএম, ২১ মে ২০১৫

গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা ও ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ২৭ মে ধার্য করেছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার মামলাটিতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ সাক্ষ্য গ্রহণের জন্য ওই দিন ঠিক করেন।

এর আগে গত ১৮ মার্চ ৮ আসামিকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। মামলার আসামিরা হলেন, আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান শায়খুল হাদীস মুফতি জসীম উদ্দিন রাহমানী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দ্বীপ (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০) ও রেদোয়ানুল আজাদ রানা (৩০)।

আসামিদের মধ্যে রেদোয়ানুল আজাদ রানা এখনও পলাতক রয়েছে। আর আটক অন্য আসামিরা আদালতে এ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তবে শুধু মাত্র মুফতি জসীম উদ্দিন রাহমানী স্বীকারোক্তিতে নিজের জড়িত থাকার কথা স্বীকার না করলেও অপর স্বীকারোক্তিকারী আসামিরা রাজিবকে হত্যার জন্য রাহমানী নির্দেশ দিয়েছিল বলে স্বীকার করেছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল­বীর কালশীর পলাশনগরে অজ্ঞাত আততায়ীর হাতে নিহত হন শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনের অন্যতম উদ্যোক্তা রাজীব হায়দার শোভন।

জেআর/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।