দুর্নীতি মামলা : এরশাদের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন ১৬ জুন


প্রকাশিত: ১১:০৫ এএম, ২৫ মে ২০১৫

বিমানের রাডার ক্রয়-সংক্রান্ত দুর্নীতি মামলায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ১৬ জুন পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজের বিচারক কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন।

মামলার যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল সোমবার, কিন্তু রাষ্ট্রপক্ষ প্রস্তুত না থাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মীর আহমেদ আলী সালাম সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন- বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ, বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা। মামলার শুরু থেকে মুসা পলাতক রয়েছেন। ১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়ের করেন। ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৯৯৫ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

অভিযোগে বলা হয়, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে বিমানবাহিনীর তৎকালীন সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ বিমানবাহিনীর জন্য যুগোপযোগী রাডার ক্রয়ের আবেদন করেন। রাষ্ট্রপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ফ্রান্সের থমসন সিএসএফ কম্পানি নির্মিত অত্যাধুনিক একটি হাইপাওয়ার রাডার ও দুটি লো লেভেল রাডার ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।