রাস্তায় জুমার নামাজ আদায় নিয়ে কলকাতায় উত্তেজনা
কলকাতায় রাস্তায় জুমার নামাজ আদায় নিয়ে পুলিশ এবং স্থানীয় মুসল্লিদের মধ্যে বাগবিতণ্ডা এবং উত্তেজনার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) দুপুরে রাজাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
জানা গেছে, শুক্রবার কলকাতার রাজাবাজার ক্রসিংয়ে কিছুসংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রাস্তাতেই জুমার নামাজ আদায় করতে শুরু করেন। এসময় পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা অনুযায়ী রাস্তায় নামাজ পড়া বা রাস্তা অবরুদ্ধ করা নিষিদ্ধ হওয়ায় পুলিশ মুসল্লিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের সঙ্গে মুসল্লিদের বাগবিতণ্ডা করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে এ ঘটনার খবর পেয়ে রাজাবাজার এলাকায় স্থানীয় থানার বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়। এসময় পরিস্থিতিআরও জটিল আকার ধারণ করায় পুলিশের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
পশ্চিমবঙ্গ সরকারের নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরের দিনই প্রশাসনিক বৈঠক করে তিনি জানিয়েছিলেন, রাস্তা আটকে নামাজ পড়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
পাশাপাশি ধর্মীয় স্থানে লাউড স্পিকারের শব্দ নিয়েও কড়া অবস্থানের কথা বলেছিলেন তিনি।
ডিডি/এনএইচআর