দুই বাসের পাল্লায় প্রাণ হারালো হেলপার


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৩ জুন ২০১৫

রাজধানীর কারওয়ানবাজারে একটি যাত্রীবাহী বাস উল্টে চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। একই ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রীবাহী দুটি মিনিবাস পাল্লা দিতে গিয়ে একটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানান, চালকের সহকারীকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভর্তি থাকা তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পারুল (৩০) ও তার শিশুপুত্র আশফাক (৩)। নিহত চালকের সহকারীর নাম জানা যায়নি।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা মেট্রো জ ১১-১৩৬৪ নম্বরের বাসটি উল্টে গেছে। গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। রাস্তার ওপর রক্তের দাগ রয়েছে। গাড়ির কাঁচের টুকরো পড়ে আছে। পেছনেই আট নম্বর রুটের আরেকটি বাস। যার নম্বর ঢাকা মেট্রো জ ১৪-১৪৮০। এটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই গাড়ির এক যাত্রী বলেন, তাদের গাড়িটি দৈনিক বাংলা থেকে অন্য বাসগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আসছিল। এখানে আসা পর্যন্ত বাসটি পাঁচ-ছয়টি বাসকে ওভারটেক করে। বারবার নিষেধ করেও চালককে তারা থামাতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি গাড়িই পাল্লা দিয়ে চলছিল। সামনের গাড়িটি পেছনের গাড়িটিকে সাইড দিচ্ছিল না। এক পর্যায়ে সামনের গাড়িটি সড়ক বিভাজনের ওপর উঠে সড়কের ওপর উল্টে যায়। সামনের গাড়ির চালকের সহকারী ধাক্কা খেয়ে সড়কের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।