মোদিকে অনুপ্রবেশ সমস্যা নিয়ে আলোচনার আহ্বান গগৈ’র


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৩ জুন ২০১৫

বাংলাদেশের সঙ্গে অনুপ্রবেশ সমস্যা নিয়ে আলোচনা করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। মোদির বাংলাদেশ সফরের আগে বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানান গগৈ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সেই সঙ্গে ১৯৮৫ সালে বিশেষ ট্রাইব্যুনাল ঘোষিত বাংলাদেশ থেকে আসা ৩৮ হাজার অবৈধ অনুপ্রবেশকারীকে বিতাড়িত করার বিষয়েও সিদ্ধান্ত নেয়ার জন্য মোদিকে অনুরোধ জানিয়েছে তরুণ গগৈ।

নিজের বিবৃতিতে, আসাম ও বাংলাদেশের অদূরবর্তী ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়ে পানি সমস্যা সমাধানের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে প্রসারে রেল যোগাযোগ স্থাপনের বিষয়েও ব্যবস্থা নেয়ার জন্য মোদির প্রতি আহ্বান জানান আসামের মুখ্যমন্ত্রী।

এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে সঙ্গী ছিলেন তরুণ গগৈ। এবার মোদির সফরের সময় বাংলাদেশে থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। থাকছেন না গগৈ।

আগামী শনিবার দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন মোদি। বিজেপি ক্ষমতায় আসার আগে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ভারত থেকে বিতাড়নের বিষয়ে মোদি যে বক্তব্য দিয়েছিলেন, তাকে স্বাগত জানিয়েছিলেন গগৈ। আসাম থেকে বাংলাদেশি অভিবাসীদের বিতাড়নের প্রক্রিয়াও শুরু করেছিলেন তিনি। কিন্তু, ক্ষমতায় আসার পর মোদির পদক্ষেপে সন্তুষ্ট নন আসামের মুখ্যমন্ত্রী।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।