জাফরুল্লাহ চৌধুরীর জরিমানা স্থগিত


প্রকাশিত: ১০:৪৪ এএম, ১৬ জুন ২০১৫

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননায় ট্রাইব্যুনালের দেয়া ৫ হাজার টাকা জরিমানা ৫ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন। সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে জাফরুল্লাহ চৌধুরীর করা একটি আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

আদালতে জাফরুল্লাহর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আখতার ইমাম। তার সঙ্গে ছিলেন রাশনা ইমাম ও রেশাদ ইমাম।  শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদালত অবমাননার দায়ে গত ১০ জুন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ডা. জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টা আদালতে দাঁড়িয়ে থাকার দণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়। জরিমানা সাত দিনের মধ্যে পরিশোধ না করলে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদেশ দেন আদালত। জরিমানার আদেশের বিরুদ্ধে তিনি আপিল করলে ৫ জুলাই পর্যন্ত তা স্থগিত করা হয়। অবশ্য ১০ জুন তিনি এক ঘণ্টা আদালতে দাঁড়িয়ে থেকে দণ্ড ভোগ করেছেন।

উল্লেখ, গত ২ ডিসেম্বর সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে অনাদায়ে তাকে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এরপর তার সাজার বিষয়ে উষ্মা প্রকাশ করে ৫০ জন নাগরিক একটি বিবৃতি একটি বিবৃতি দেন। যা সংবাদপত্রে প্রকাশিত হয়।

৫০ বিবৃতিদাতার মধ্যে ২৬ জন নিঃশর্ত ক্ষমা চেয়ে অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পান। আর একজন আগেই বিবৃতি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।

বাকি ২৩ জনের বিরুদ্ধে গত ১ এপ্রিল অবমাননার রুল জারি করেন ট্রাইব্যুনাল-২। ১৪ মে ওই ২৩ জনের দেয়া জবাবের ওপর শুনানি করে আদালত রায়ের দিন ঠিক করে দেন।

প্রথমবারের মতো এ ধরনের আচরণ করায় ২২ জনকে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়। কিন্তু এর আগেও একটি ঘটনায় অবমাননার অভিযোগে ট্রাইব্যুনাল জাফরুল্লাহ চৌধুরীকে সতর্ক করে দেয়ায় এবার তাকে সাজা দেন আদালত।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।