তথ্যমন্ত্রী ও ঢাবি উপাচার্যসহ ২৫ জনকে আবারো হত্যার হুমকি
ফের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ২৫ জন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১৩। এমনকি শিগগিরই এই হত্যার টার্গেট আরো বাড়ানো করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের অফিসে ডাকযোগে এই হুমকি বার্তা আসে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী।
তালিকায় অন্যান্য ব্যক্তিরা হচ্ছেন-বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, ঢাবির ইতিহাস বিভাগের শিক্ষক ও ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহরিয়ার কবির, মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বিশিষ্ট লেখক ও শিক্ষক অধ্যাপক জাফর ইকবাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, উপস্থাপিকা নবনীতা চৌধুরী, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, গণজাগরণ মঞ্চের একাংশের নেতা কামাল পাশা চৌধুরী, দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক শাহীন রেজা নূর, গণজাগরণ মঞ্চের কর্মী মাহমুদুল হক মুন্সী বাঁধন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ব্লগার কানিজ আকলিম সুলতানা, গণজাগরণ মঞ্চের কর্মী এস এম শাহীন, আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আরাফাত রহমান, সাংবাদিক মুন্নী সাহা, বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল এবং সঙ্গীতা ইমাম।
তবে এ হুমকিতে মোটেই বিচলিত নন বলে জানিয়েছেন ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, এ ধরনের চিরকুট এর আগেও এসেছে।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি, নং-৮৪০) করা হয়েছে বলেও জানিয়েছেন ঢাবি’র ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ আলী।
উল্লেখ্য, এর আগেও ঢাবি উপাচার্যসহ ১০ বিশিষ্টজনকে হত্যার হুমকি দেয় আনসারুল্লাহ বাংলা টিম। এর কিছুদিন পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৭ জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দেয় সংগঠনটি।
এমএইচ/এসএইচএস/আরআই/এসআরজে