সহযোগিতা আরো বৃদ্ধির আশ্বাস নেদারল্যান্ডস’র
জ্বালানি খাত, শিক্ষা, কৃষি, পর্যটন, টেক্সটাইল, পানিসম্পদ উন্নয়ন, অবকাঠামো তৈরিসহ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ভবিষ্যতে সহযোগিতা আরো বৃদ্ধির আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস। একইসঙ্গে দেশটিতে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণেরও সুযোগ সৃষ্টির আশ্বাস দেয়া হয়েছে।
বাংলাদেশে সফররত নেদারল্যান্ডসের ফরেন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অপারেশন মন্ত্রী লিলিয়ান প্লাউমেন মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করে এসব আশ্বাস দেন।
সাক্ষাৎকালে স্পিকার নেদারল্যান্ডস বাংলাদেশের দীর্ঘ দিনের বন্ধু উলেখ করে বলেন, দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তৈরি পোষাক খাত বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এই শিল্পকে আরো উন্নত করে এ শিল্পকে এগিয়ে নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভুমিকা রাখতে নেদারল্যান্ডস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের কৃষি, শিল্প, অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সবসময় সহায়তা করেছে। ভবিষ্যতেও বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভ‚মিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় স্পিকার বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতার মাধ্যমে দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেশটিকে এগিয়ে আসার আহ্বান জানান।
জবাবে নেদারল্যান্ডসের মন্ত্রী লিলিয়ান প্লাউমেন বলেন, সব ধরনের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের অব্যাহত সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।
এইচএস/এসএইচএস/আরআইপি