বগুড়ার ৩ স্কুল শিক্ষককে ডেকে নিল যুক্তরাজ্য
বগুড়ার তিন স্কুল শিক্ষককে ব্রিটেনের একটি স্কুল ডেকে নিলো তাদের শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য। কেইস্ট ইয়ারবোরো অ্যাকাডেমি তাদের শ্রেণিকক্ষকে বিশ্বসংস্কৃতির সঙ্গে যুক্ত করার লক্ষ্যে বাংলাদেশের এই তিন শিক্ষককে বেছে নিয়েছে।
‘কানেক্টিং ক্লাসরুম’ নামের প্রকল্পের অধীনে তাদের যুক্তরাজ্যে আমন্ত্রণ জানানো হয়। কিলবি প্রাইমারি অ্যাকাডেমি, ইংল্যান্ডের ওয়েলটন সেন্ট ম্যারি’স চার্চ এবং কেইস্ট ইয়ারবোরো অ্যাকাডেমি’র সমন্বিত উদ্যোগ এই প্রকল্পটি।
এই তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটি দিন একসাথে ক্লাস করার মধ্য দিয়ে আস্তঃসংস্কৃতি আদান-প্রদান করে থাকে। তারই অংশ হিসেবে এবার তারা তাদের শ্রেণিকক্ষকে বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে।
জ্যোতিষ চন্দ্র রায়,পীযুষ মজুমদার এবং রতন কুমার ভাস্কর নামের বগুড়ার এই তিন স্কুল শিক্ষক গত ৬ জুন যুক্তরাজ্যের উদ্দেশে পাড়ি জমান। এক সপ্তাহ যুক্তরাজ্যে থেকে তারা সেখানকার শিক্ষাব্যবস্থা যেমন কাছ থেকে দেখেছেন, তেমনই সেখানকার শিক্ষার্থী ও শিক্ষকদের দিয়েছেন বাংলাদেশের প্রাথমিক শিক্ষা সম্পর্কে ধারণা।
কানেক্টিং ক্লাসরুম প্রকল্পের কর্তাব্যক্তিরা মনে করেন, এই প্রকল্প শিক্ষার্থীদের ভিন্ন সংস্কৃতি, ধর্ম, আচার এবং মূল্যবোধ সম্পর্কে বোঝাপড়া বাড়াতে সাহায্য করবে, বিশ্বশান্তির জন্য যা জরুরী।
এসআরজে