উত্তরায় লিফট থেকে পড়ে টেকনিশিয়ানের মৃত্যু
রাজধানীর উত্তরার একটি ভবনের লিফটের কাজ করার সময় পড়ে গিয়ে মনির হোসেন নামে এক লিফট টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উত্তরার ৬ নং সেক্টরের ১১ নং রোডের একটি ১৬ তলা ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে আহত হন। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেয়া হলে সেখানে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশের সহকারী ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, শনিবার দুপুরে কাজ করার সময় হঠাৎ লিফ্ট থেকে তিন তলায় পড়ে যায় মনির। পরে সহকর্মী জামাল হোসেন তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি বরগুনা সদরে। বাবার নাম আব্দুর রহিম। এক সন্তানের জনক মনির দুই ভাই এক বোনের মধ্যে বড়। রামপুরার উলন রোডের ১৬২ এ ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন তিনি।
জেইউ/আরএস/আরআইপি