মুক্তিযোদ্ধাদের ১০ হাজার বাসস্থান তৈরি হবে : মোজাম্মেল হক


প্রকাশিত: ০৯:৫০ এএম, ২১ জুন ২০১৫

আগামী অর্থবছরে সারাদেশে আরো ১০ হাজার বাসস্থান তৈরির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার সংসদে সরকারি দলের সদস্য সামছুল আলম দুদু’র এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ’ শীর্ষক ২২৭ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প চলমান রয়েছে।

মোজাম্মেল হক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত গুরুত্বপূর্ণ এ প্রকল্পটিতে ৪৮৪টি উপজেলায় মোট ২ হাজার ৯৭১টি বাসস্থান নির্মাণের সংস্থান আছে, যা ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পে সংস্থানকৃত ২ হাজার ৯৭১টি ইউনিটের মধ্যে এ পর্যন্ত ২ হাজার ৫১ ইউনিট নির্মাণের জন্য অনুমোদিত হয়েছে।

ইতোমধ্যেই সবগুলো কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫৪৮টি বাসস্থানের নির্মাণ কাজ শেষ হয়েছে। ৯৭৩টি বাসস্থানের নির্মাণ কাজ চলমান রয়েছে এবং ৩৬১টি বাসস্থানের দরপত্রের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এইচএস/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।