নর্দায় প্যাথলজিস্ট ও ডাক্তার ছাড়াই রোগীর রিপোর্ট : আটক ১
রাজধানীর বারিধারা নর্দা এলাকায় ইউনাইটেড হেলথ কেয়ার নামে একটি হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ৩ বছর ধরে লাইসেন্সবিহীন এ প্রতিষ্ঠানটি ডাক্তার ও প্যাথলজিস্ট ছাড়াই ভুয়া চিকিৎসাপত্র দেয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির মালিক ফিরোজ খানকে (৩৫) এক বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা করে। পাশাপাশি প্রতিষ্ঠানটি বাজেয়াপ্ত ঘোষণা করেন।
বুধবার দুপুরে সাড়ে ১২টায় র্যাব-২ এর সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
র্যাব-২ কর্মকর্তা এএসপি মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন থেকে ডাক্তার ও প্যাথলজিষ্ট ছাড়াই রিপোর্ট দিয়ে আসছে ইউনাইটেড হেলথ কেয়ার। প্রতিষ্ঠানটির কোনো লাইসেন্স নেই। সাধারণ প্যাথলজিতে যেসব ওষধ ব্যবহার করা হচ্ছিল তা সবগুলোই মেয়াদীত্তীর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তথ্য প্রমাণ ও প্রতিষ্ঠানটির মালিক ফিরোজ খানের স্বীকারোক্তির ভিত্তিতে এক বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া প্রতিষ্ঠানটি বাজেয়াপ্ত ঘোষণা করেন।
এধরণের ভুয়া ও নাম সর্বস্ব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
জেইউ/এআরএস/পিআর