ম্যারেজ মিডিয়ার প্রতারণা : আটক ৭
সুন্দরী নারীদের মিথ্যে প্রবাসী সাজিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে ভূয়া ম্যারেজ মিডিয়ার প্রতারক চক্র। তারা প্রথমে সুবিধাজনক স্থানের কোনো বাসায় অফিস সাজায়, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যুবকদের প্রলুব্ধ করে প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বনানী থানার কাকলি এলাকা হতে এ ধরণের ভূয়া ম্যারেজ মিডিয়ার প্রতারক চক্রের সাত সদস্যকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে একটি পাসপোর্ট, বিভিন্ন ব্যক্তির বায়োডাটা, ছবি, নিকাহনামার কপিসহ আনুষঙ্গিক কাগজপত্র উদ্ধার করা হয়। আটককৃতা হলেন মোঃ দেলোয়ার হোসেন ওরফে করিম, মোঃ আমিনুল হক, মোঃ মোয়াজ্জেম হোসেন ওরফে রাসেল, মোঃ মনির হোসেন, মোছাঃ নওরিন জাহান, মোছাঃ শামীমা আক্তার ওরফে হামিমা ও মোছাঃ কাকলি আক্তার ওরফে পারভীন।
ডিবির(পশ্চিম) সহকারী পুলিশ কমিশনার মাহামুদ নাসের জনি জানান, প্রতারকচক্রটি প্রথমে রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে ম্যারেজ মিডিয়ার ভূয়া অফিস সাজায়। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়া, লন্ডন, ইংল্যান্ড ও আমেরিকা প্রবাসী ভূয়া সুন্দরী মহিলাদের পাত্রী সাজিয়ে সাধারণ যুবকদের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
ভূয়া ম্যারেজ মিডিয়া চক্রের মূল হোতা দেলোয়ার হোসেন ও নওরিন জাহান যথাক্রমে ঘটক করিম ও রাহবার ম্যারেজ মিডিয়া নামে বিভিন্ন পত্রিকায় পাত্র/পাত্রী চাই মর্মে চটকদারী বিজ্ঞাপন দিয়ে বেশ কয়েক বছর ধরে প্রতারণা করে আসছে। বিজ্ঞাপন দেখে আগ্রহী যুবকরা বিজ্ঞাপনে প্রদত্ত মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা তাদের চক্রের বিভিন্ন সুন্দরী মহিলাদের ছবি, জাল পাসপোর্ট ও ভিসার ফটোকপি দেখিয়ে রেজিস্ট্রেশনের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
পরে কোন রেস্টুরেন্টে আগ্রহী প্রার্থীদের উক্ত মহিলাদের সঙ্গে দেখা করানোর মাধ্যমে বিশ্বাস স্থাপন করে মোটা অংকের টাকা ও স্বর্ণালংকার নিয়ে ভূয়া নিকাহনামার মাধ্যমে বিবাহ করিয়ে টাকা পয়সা ও স্বর্ণালংকার আত্মসাৎ করে আত্মগোপন করে। এরপর তারা অন্যত্র অফিস খুলে পুনরায় ব্যবসা শুরু করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেইউ/এএইচ/আরআইপি