গম নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্য


প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৪ জুন ২০১৫

ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে। এর আগে শনিবার খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছিলেন আমদানি করা গমগুলো পঁচা নয়। এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ও তাদের বক্তব্য জানালো।

বুধবার খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. কাউসার আহাম্মদ স্বাক্ষরিত ওই বক্তব্যে বলা হয়, পিপিআর-২০০৮ অনুযায়ী আন্তর্জাতিক উৎস হতে গম ক্রয়ের জন্য উন্মুক্ত পদ্ধতির মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। কোনো দেশের সঙ্গে সরাসরি চুক্তি করে গম আমদানি করা হয়নি। সরকারি বিধান অনুযায়ী ইসরাইল ব্যতীত যেকোনো দেশ থেকে দরদাতা কর্তৃক এই গম সরবরাহ করার সুযোগ রয়েছে।

বন্দরে গম পৌঁছার পর চুক্তির শর্ত মোতাবেক ল্যাবরেটরিতে টেস্ট করে গ্রহণযোগ্য মাত্রার মধ্যে থাকলে গম গ্রহণ করা হয়। টেস্ট রিপোর্ট অনুযায়ী আগত ব্রাজিলীয় গম নির্দেশ মোতাবেক গ্রহণযোগ্য মাত্রার মধ্যে থাকায় তা গ্রহণ করা হয়েছে।

বিভিন্ন পত্র-পত্রিকায় গম নিয়ে বিরূপ সংবাদ প্রকাশিত হওয়ার পর সারাদেশ থেকে জেলা প্রশাসকদের মাধ্যমে সিলগালাবস্থায় গমের নমুনা সংগ্রহ করা হয়। অতঃপর ল্যাবরেটরিতে পুনরায় টেস্ট করানো হয়।

ব্রাজিল থেকে আগত উক্ত গম চুক্তিতে বর্ণিত বিনির্দেশ মোতাবেক পাওয়া গেছে। টেস্ট রিপোর্টে পঁচা কিংবা মানুষের খাবার অনুপোযোগী কোনো গম পাওয়া যায়নি।  

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।