লঞ্চে কেবিনের জন্য আবেদন ৩০ জুন থেকে


প্রকাশিত: ০৫:০৫ এএম, ২৫ জুন ২০১৫

ঈদে লঞ্চে প্রথম শ্রেণির কেবিনপ্রত্যাশী যাত্রীদের ভোগান্তি কমাতে ঢাকা-বরিশাল রুটে আবেদন পদ্ধতি চালু করেছে লঞ্চ কর্তৃপক্ষ। এবার ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত গ্রহণ করা হবে এই আবেদন। ঢাকা নৌবন্দর ও বরিশালের লঞ্চের কাউন্টার এবং লঞ্চে ঘাটে এ বিষয়ে নোটিশ টানানো হয়েছে।

নোটিশে কবে নাগাদ আগাম টিকিট বিক্রি শুরু হবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে ২০ রোজা থেকে লঞ্চের আগাম টিকিট বিক্রির চিন্তাভাবনা করছেন লঞ্চ মালিকরা।

বাংলাদেশ যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান জানান, প্রতিবছর ঈদুল ফিতর ও আজহার সময় কেবিনের চাপ বেশি থাকে। যাত্রীদের সুবিধা ও কালোবাজারিদের দৌরাত্ম্য এড়াতে গত বছর থেকে আবেদনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, ১৫ রমজানের মধ্যে লঞ্চের বিশেষ সার্ভিস নিয়ে মালিকদের সঙ্গে বৈঠক হবে। ২০ রমজানের মধ্যে আগাম টিকিট বিক্রির চিন্তাভাবনা চলছে।

সুরভী নেভিগেশনের পরিচালক রেজীন উল কবির জানান, ঈদের জন্য নিয়মিত ও বিশেষ সার্ভিসের লঞ্চের প্রথম শ্রেণির কেবিনের জন্য ৩০ তারিখ থেকে ২ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। পরে লটারি করে আবেদনকারীদের মধ্যে কেবিন বরাদ্দ দেওয়া হবে।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।