পদ্মার চরে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয় : মনিরুল
পদ্মা নদীর চর এলাকায় জঙ্গিদের অস্ত্র চালালনোর প্রশিক্ষণ দেওয়া হয়। জঙ্গিদের প্রশিক্ষণ দেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত ও চাকুরিচ্যুত সদস্যরা।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ‘বাংলাদেশ জিহাদী গ্রুপ’ এর কমান্ডার ও অর্থ যোগানদাতাকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পদ্মার কোনো এক চরে এবং উত্তরবঙ্গের সীমান্ত এলাকায় জঙ্গিদের অস্ত্র ও অন্যান্য জিহাদি প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছে। প্রশিক্ষণের নেওয়ার পর তারা সিরিয়া এবং আফগানিস্তানে গিয়ে জিহাদ প্রতিষ্ঠা করতো। পরবর্তীতে বাংলাদেশের ইসলামি খিলাফাত প্রতিষ্ঠার ও বৈষম্যমূলক সমাজব্যবস্থা দূর করার নামে নাশকতার পরিকল্পনা ছিল তাদের।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, বাংলাদেশ জিহাদী গ্রুপের কমান্ডার মো. আসাদুজ্জামান এবং অর্থদাতা ফিরোজ মো. তমাল। তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ১ কেজি বিস্ফোরক দ্রব্য ও ২ টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
মনিরুল ইসলাম জানান, সংগঠনের অর্থদাতা তমাল একজন সরকারি কর্মকর্তার ছেলে। রাজধানীতে তাদের ১৭ টি ফ্ল্যাট-বাড়ি রয়েছে। অস্ত্র বিস্ফোরকসহ সব টাকা তিনি যোগান দিতেন। আসামিদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
এআর/এআরএস/পিআর/এসআরজে