ঈদকে সামনে রেখে নির্ঘুম রাজধানীর ফ্যাশন হাউজ
ঈদ মানেই নতুন নতুন পোশাক। একটি দৃষ্টিনন্দন পোশাক ঈদের আনন্দকে যেন বাড়িয়ে দেয় বহুগুণ। আর নানা বয়সী মানুষের ঈদ আনন্দকে হরেক রঙয়ে রাঙিয়ে তুলতে ব্যস্ত সময় কাটছে ফ্যাশন হাউজগুলো। সেই সঙ্গে ঈদে দৃষ্টি নন্দন পোশাক ক্রেতাদের উপহার দিতে ব্যস্ত সময় পার করছেন ফ্যাশন ডিজাইনাররাও।
এদিকে, ঈদ উপলক্ষে সারা বছরের লোকসান পুষিয়ে উঠতে চান ব্যবসায়ীরা। তারা প্রত্যাশা করছেন এবারের ঈদে ৩ হাজার কোটি টাকা বিক্রি করবেন।
কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, অবৈধ পথে ভারতীয় পোশাক আসায় দেশিয় পোশাকের বাজারে প্রভাব বিস্তার করছে । ব্যবসায়ীরা মনে করেন, ভারতীয় পোশাক আসা বন্ধ করা গেলে এ বাজার আরো বাড়বে।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিদেশি পোশাকের পাশাপাশি দেশিয় বুটিক ও ফ্যাশন হাউজগুলো শক্তিশালী অবস্থান তৈরি করতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন ফ্যাশন হাউজ ঘুরে দেখা গেল নিজস্ব ডিজাইনের ভিন্ন ধর্মী সব পোশাকের সম্ভার।
ক্রেতার সামর্থ্যের কথা মাথায় রেখে দেশীয় ঐতিহ্য আর সংস্কৃতির মিশেলে তৈরি করা হয়েছে নজরকাড়া এসব পোশাক। ঋতু বৈচিত্র্যে এবারের ঈদ আসছে বর্ষায় আর তাই পোশাকের ডিজাইনেও উঠে এসেছে তারই ছোঁয়া।
দেশি ফ্যাশন হাউজগুলো যখন নিজেদের বাজারে শক্ত অবস্থান খুঁজছে তখন বিদেশি পোশাকের দৌরাত্ম্যে কম নয়। ব্যবসায়ীরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশিয় ফ্যাশন হাউজের বাজার আরো কয়েক গুণ বাড়বে।
ব্যবসায়ীরা বলছেন, সারা বছর যে উৎসবটিকে কেন্দ্র করে প্রস্তুতি নেয়া হয় এই সময়টিতে অবৈধ পথে আমাদের এখানে যে পণ্যের আমদানি হয় সেই পণ্যের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে হিমশিম খেতে হয়।
এসকেডি/পিআর