রাজধানীতে বাংলালিংক বিক্রয়কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ২৫ জুন ২০১৫
প্রতীকী ছবি

রাজধানীর ভাসানটেক এলাকায় মো. শাহ পরান (৩০) নামের এক বাংলালিংকের বিক্রয় কর্মীকে কুপিয়ে নগদ ১ লাখ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার  দুপুর সাড়ে ১২টায় ভাসানটেক দেওয়ানপাড়া লিটল চাইল্ড কেয়ার স্কুলের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত শাহ পরান বলেন, প্রতিদিনের মতো রাজধানীর ভাসানটেক দেওয়ান পাড়া এলাকায় বাংলালিংকের সিমকার্ড, ব্যালান্স লোড বিক্রয়ের জন্য বের হলে লিটল চাইল্ড কেয়ার স্কুলের সামনে রাস্তা দিয়ে রিকশায় যাওয়ার সময় ছয় যুবক আমার গতিরোধ করে।

এ সময়, ছিনতাইকারীরা শাহ পরানের মাথা, বুক ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাছে থাকা নগদ টাকা, সিমকার্ড এবং দোকানে লোড দেওয়ার মোবাইল ফোনের ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্থানীয় দোকানদার ওসমান দেওয়ান শাহ পরানকে উদ্ধার করে দুপুর সোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করান।

ব্যাগে নগদ ১ লাখ টাকা, ১ লাখ টাকার সিমকার্ড, লোডসহ প্রায় ২ লাখ টাকার মালামাল ছিল বলে জানান শাহ পরান। ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসকেডি/আরআইপি/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।