ঢাকা দক্ষিণ সিটির জন্য নতুন প্রকল্প
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য নতুন প্রকল্প অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় নতুন এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবস্থিত বিভিন্ন রাস্তা মেরামতে এখন থেকে পুরনো নির্মাণ সামগ্রী পুনরায় ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত একনেক সভায় এ সংক্রান্ত আরো একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত এ প্রকল্পটির নাম ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সড়ক সমূহের রক্ষণাবেক্ষণের জন্য কোল্ড রি-সাইক্লিং প্লান্ট ও ইকুইপমেন্ট সংগ্রহ’। প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০১৬ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করবে বলে একনেক সভায় জানানো হয়।
বাংলাদেশে সড়ক মেরামতের ক্ষেত্রে একেবারে নতুন এ প্রযুক্তি নিয়ে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ঢাকার রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে প্রতিবছর রাস্তা মেরামত করতে হচ্ছে। এতে করে রাস্তার উচ্চতা বেড়ে যাচ্ছে এবং পানি নিষ্কাশন ঠিকমতো না হতে পেরে জলাবদ্ধতাও বাড়ছে। এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দক্ষিণে রাস্তা মেরামতে পুরোনো ব্যবহৃত উপাদানগুলোর ৪০ থেকে ৬০ শতাংশ পুনরায় ব্যবহার করার। আশা করছি, এর ফলে রাস্তার উচ্চতা বৃদ্ধি পাবে না। এ কাজটি করতে যে প্রযুক্তি এখানে ব্যবহৃত হবে তার নাম ‘কোল্ড রি-সাইক্লিং প্ল্যান্ট’। এতে করে রাস্তাগুলোর রক্ষণাবেক্ষণ যেমন সহজ হবে তেমনই অর্থেরও সাশ্রয় হবে।
এসএ/এআরএস/আরআই/এসআরজে