রাজধানীতে অস্ত্র ও গুলিসহ ৪ ছিনতাইকারী আটক


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৮ জুন ২০১৫
প্রতীকী ছবি

রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৩টার দিকে মতিঝিল থানা এলাকা থেকে অস্ত্র-গুলিসহ তিনজন এবং দারুস সালাম থানা এলাকা থেকে অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুন্তাসিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থেকে মো. রবিউল ইসলাম ওরফে সুমন, মো. আমান রহমান ও মো. সাইদুর রহমান ওরফে মিত্র নামে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ পাউন্ড গুলি, একটি ধারালো চাপাতি, একটি ধারালো চাকু ও একটি প্রাইভেটকার (রেজি নং-ঢাকা মেট্রো-গ-১৪-৮৮০৪) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা প্রাইভেটকারযোগে রাতের বেলায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

অন্য দিকে দারুস সালাম থানা এলাকা হতে অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। আটককৃতের নাম মো. আবুল কালাম। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী জানায়, সে বিদেশি রিভলবার ও গুলি রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে। আটককৃতের বিরুদ্ধে দারুস সালাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেইউ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।