গাইবান্ধা-৩ : অনিয়ম প্রতিরোধে ইসির তদন্ত কমিটি
গাইবান্ধা-৩ আসনে (সাদুল্যাপুর-পলাশবাড়ী) নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধে ‘নির্বাচনী তদন্ত কমিটি’ গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৬ জানুয়ারি (সোমবার) এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত ২০ ডিসেম্বর এই আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনের ভোট স্থগিত করা হয়। এরপর পুনঃতফসিল করে ২৭ জানুয়ারি এই আসনে ভোটের দিন নির্ধারণ করে ইসি।
ইসির উপ-সচিব (আইন) মো. শরীফ হোসেন হায়দার এক আদেশে বলেন, ‘গাইবান্ধা-৩ আসনের নির্বাচন উপলক্ষে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে ‘নির্বাচনী তদন্ত কমিটি’ গঠন করা হলো।”
কমিটির সদস্যরা হলেন- গাইবান্ধার যুগ্ম জেলা ও দায়রা জজ কৃষ্ণ কান্ত রায় ও গোবিন্দগঞ্জ চৌকির সহকারী জজ লিটন হোসেন।
এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন আবু জাফর মো. জাহিদ (স্বতন্ত্র), এস এম খাদেমুল ইসলাম খুদি (জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ), দিলারা খন্দকার (জাতীয় পার্টি), মো. ইউনুস আলী সরকার (আওয়ামী লীগ), মো. মিজানুর রহমান তিতু (ন্যাশনাল পিপলস পার্টি), মো. হানিফ দেওয়ান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও সাদেকুল ইসলাম (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ)।
এছাড়াও আসনটিতে পুনঃতফসিল ঘোষণার পর বিএনপি নেতা সৈয়দ মইনুল হাসান সাদিকসহ চারজন মনোনয়নপত্র জমা দেন।
প্রদীপ দাস/এমএমজেড/এমকেএইচ