‘বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনতা অর্জন সম্ভব হতো না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২৯ এপ্রিল ২০২১

বঙ্গবন্ধুর কারণেই আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি। তার জন্ম না হলে স্বাধীনতা অর্জন সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বৃহত্তর কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধ ও তরুণ প্রজন্ম’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন প্রতিমন্ত্রী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল একটাই- তা হলো এ দেশের স্বাধীনতা অর্জন। তিনি তার অদম্য, সাহসী ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে এ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। তার আপোষহীন মনোভাব ও দূরদর্শী নেতৃত্বের কারণেই এ দেশের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করছে। জাতির পিতার আদর্শে কাজ করে যেতে পারলে দেশকে দ্রুতই উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। তাই আমাদের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর নীতি-আদর্শে অনুপ্রাণিত করে গড়ে তুলতে হবে।’

বৃহত্তর কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন সম্মানিত অতিথি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম বিশেষ অতিথি হিসেবে ব্ক্তৃতা করেন।

আরএমএম/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।