মাটি ধসে ৩০ ফুট গভীরে চাপা পড়েছিলেন শ্রমিক, উদ্ধার করলো পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১০ মার্চ ২০২৬
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে তাকে উদ্ধার করা হয়

দিনাজপুরের কাহারোলে সেপটিক ট্যাংকের কাজ করার সময় মাটি ধসে ত্রিশ ফুট গভীরে চাপা পড়া এক শ্রমিককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তার নাম- মোহাম্মদ আজহারুল ইসলাম (৩৮)।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কাহারোল থানার দক্ষিণ মহেশপুর এলাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে তাকে উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বরের সদর দপ্তরের পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, সেপটিক ট্যাংকের কাজ করার সময় হঠাৎ মাটি ধসে পড়ে দুই শ্রমিক মাটির প্রায় ৩০ ফুট গভীরে চাপা পড়েন। স্থানীয়রা একজনকে উদ্ধার করতে পারলেও অন্য শ্রমিক গলা পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে নিচে দেবে যাচ্ছিলেন। এলাকাবাসী মাটি সরানোর চেষ্টা করলেও চারপাশ থেকে মাটি ঝরে পড়ে আবার ভরাট হয়ে যাচ্ছিল।

আনোয়ার সাত্তার আরও জানান, এ অবস্থায় স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল প্রান্ত। পরে দ্রুত উদ্ধারের জন্য বিষয়টি কাহারোল ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। এ সময় ৯৯৯ ফায়ার ডিসপ্যাচার মো. হানজালাল উদ্ধার কার্যক্রমের সমন্বয় করেন।

পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার আরও বলেন, খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে চাপা পড়া শ্রমিক মোহাম্মদ আজহারুল ইসলামকে জীবিত উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

টিটি/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।