বিক্রি হয়নি গাজীপুরের ডন, মন খারাপ খামারির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০১ পিএম, ১৯ জুলাই ২০২১

নাম ‘গাজীপুরের ডন’, ওজন প্রায় ৩৮ মণ। এটি মূলত ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড়। এ বছর রাজধানীর আফতাবনগর পশুর হাটের সবচেয়ে বড় গরু ছিল এটি।

ডনের দাম হাঁকা হয়েছিল ২৫ লাখ টাকা। রোববার (১৮ জুলাই) এর গরুর দাম উঠেছিল ১৭ লাখ পর্যন্ত। তারপরও বিক্রি করেননি গরুর মালিক গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা এখলাস উদ্দিন।

সোমবার দুপুরে তিনি জাগো নিউজের এ প্রতিবেদককে বলেন, ‘কাল গরুটি ছেড়ে দিলে ভালো করতাম। আজ যেসব ক্রেতারা এসেছে, তারা দাম আরো কম বলছে। মনটা খুব খারাপ।’

তিনি জানান, অস্ট্রেলিয়ান জাতের গরুটির বয়স প্রায় সাড়ে তিন বছর। খামারি এখলাস উদ্দিনের দাবি, তার এ গরুটি এবারের কোরবানির বাজারে দেশের সবচেয়ে বড় গরু। যার দৈর্ঘ্য সাড়ে ১০ ফুট। বুক চাওড়া ৯ ফুট ২ ইঞ্চি।

এখলাস আরও জানান, প্রায় আড়াই মাস আগে গাজীপুরের প্রাণিসম্পদ কর্মকর্তারা তার গরুটি দেখতে গিয়েছিলেন। তখন তারা জানিয়েছিলেন- গরুটির অন্তত এক হাজার ৪০০ কেজি মাংস হবে। এরপর থেকে প্রতিদিন দুই থেকে আড়াই কেজি হারে মাংস বেড়েছে গরুটির শরীরে।

তিনি বলেন, ‘দুই বছর আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে এক লাখ টাকায় গরুটি কিনেছিলাম। এরপর থেকে আমি গরুটি পালছি। আমার খামারে আর কোনো গরু নেই।’

গাজীপুরের এই খামারি আরও বলেন, ‘দুই বছর চার মাস পালনে খাবার দিতে অনেক টাকা খরচ হয়েছে, শ্রমও অনেক দিতে হয়েছে। শেষ কয়েক মাস প্রতিদিন এক হাজার থেকে ১২শ টাকার খাবার খেয়েছে। ভালো দামে বিক্রি করতে পারলে লাভবান হব।’

আর বিক্রি না হলে কঠিন লোকসানে পড়তে হবে। এ কারণে কিছুটা কমে হলেও গরু বিক্রি করতে চান তিনি।

এনএইচ/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।