বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারক রসুলের ইন্তেকাল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বিচারক কাজী গোলাম রসুল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে একদল বিপথগামী সেনাসদস্য নির্মম ও বর্বরোচিতভাবে হত্যা করে। ওই নৃশংস হত্যাকাণ্ডের দীর্ঘ ২১ বৎসর পর ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জাতীয় সংসদে ইনডেমনিটি আইন বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ সুগম করে।
পরে ওই বছরই বঙ্গবন্ধুর একান্ত সহকারী (পিএ) এএফএম মোহিতুল ইসলাম ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করেন এবং মামলার বিচারিক কার্যক্রম শেষে ঢাকা জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসুল ১৯৯৮ সালের ৮ নভেম্বর ১৫ জনকে মৃত্যুদণ্ড দিয়ে এ মামলার রায় ঘোষণা করেছিলেন।
বিচারক কাজী গোলাম রসুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় বিচার বিভাগে গোলাম রসুলের অবদানের কথা স্মরণ করেন।
শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।