রাজশাহী বিশ্ববিদ্যালয়

ধূমপানে নিষেধ করায় বহিরাগত এনে সিনিয়রকে মারধর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৭ এপ্রিল ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রকাশ্যে সিগারেট খেতে নিষেধ করার জেরে বহিরাগতদের নিয়ে এসে এক সিনিয়রের ওপর হামলার অভিযোগ উঠেছে এক জুনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে।

রোববার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের সহযোগিতায় এক বহিরাগতকে আটক করা হয়েছে।

মারধরের শিকার সিনিয়র শিক্ষার্থীর নাম শাওন। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিনের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। এছাড়া তিনি ছাত্রদলের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক। অভিযুক্ত জুনিয়র একই ডিসিপ্লিনের শিক্ষার্থী আকাশ। তিনি ২০২৩-২৪ সেশনে পড়েন। তিনিও ছাত্রদল কর্মী, তার বাড়ি রাজশাহী শহরে।

প্রক্টর দপ্তরে সিসি ফুটেজে দেখা গেছে, শাওন বাইক নিয়ে চারুকলা অভিমুখে যাওয়ার পথে তার পথরোধ করেন আকাশসহ কয়েকজন। তারপর হঠাৎই তাকে কিল-ঘুসি মেরে বাইক থেকে ফেলে দেওয়া হয়।

শাওনের অভিযোগ, তিনি প্র্যাকটিস শেষে চলে যাচ্ছিলেন। হঠাৎ পথে তার ওপর হামলা হয় এবং মারধরে তার হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত পেয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিচার চান তিনি।

ধূমপানে নিষেধ করায় বহিরাগত এনে সিনিয়রকে মারধর

মারধরের কারণ হিসেবে তিনি বলেন, প্রথমবর্ষে ভর্তি হওয়ার পর একদিন আকাশ চারুকলা মঞ্চে ধূমপান করছিলেন। সিনিয়ররা আগে থেকেই সেখানে বসেছিলেন। আকাশ সিনিয়র আপুদের অন্যত্র চলে যেতে বলেন। তখন শাওন তাকে বিষয়টি নিয়ে কথা বলেন। এছাড়াও আকাশ বিভিন্ন ঝামেলায় জড়িয়ে শাওনের নাম ভাঙিয়ে চলার অভিযোগ তোলেন এই নেতা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, দুজনেই ক্যাম্পাসের শিক্ষার্থী। পূর্ব ঘটনার জেরে একজন কিছু বহিরাগত এনে অন্য জনকে মেরেছে। ঘটনাস্থলেই অন্য শিক্ষার্থী এক বহিরাগতকে আটক করে এবং প্রক্টরিয়াল টিমকে অবগত করে। টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

মনির হোসেন মাহিন/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।